‘আমাকে ফাঁসিয়েছে মুসাফির’, পুলিশের গুলিতে জখম ‘প্যাঁও’! হাসপাতালে যাওয়ার পথে কী দাবি প্রতাপের?
আমাকে ফাঁসিয়েছে মুসাফির। লোককে মারার জন্য সুপারি দিয়েছিল। আমি মারিনি। তাই ফাঁসিয়ে দিয়েছে। আসানসোলে পুলিশের গুলিতে জখম হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এমনই দাবি করল প্রতাপ দাস ওরফে প্যাঁও। স্ট্রেচারে শুয়ে অভিযুক্তের এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। অন্য দিকে, ছেলের অতীত অপরাধের কথা স্বীকার করেও তার মা দাবি করেছেন, প্রতাপ এখন ভাল হতে চাইছিল।সাইবার প্রতারণার একটি মামলায় অভিযুক্ত প্রতাপ। পুলিশ সূত্রে খবর, তাকে ধরতে গেলে পুলিশের দিকে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর পর থেকেই পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। তাকে ধরতে শুরু হয় লাগাতার তল্লাশি। শুক্রবার আসানসোলে পুলিশের বিশেষ অভিযানের সময় গুলির লড়াইয়ে জখম হয় প্রতাপ। তার পায়ে গুলি লেগেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে।হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রতাপের অভিযোগ, মুসাফির নামে এক ব্যক্তি তাকে ফাঁসিয়েছে। তার দাবি, এক ব্যক্তিকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেই কাজ করতে রাজি হয়নি সে। আর সেই কারণেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি প্রতাপের।এ দিকে, ছেলের অতীত অপরাধের কথা অস্বীকার করেননি তার মা। তবে তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রতাপ আর কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। তিনি বলেন, দোষ তো করেছে। তার শাস্তিও পেয়েছে। জেলও খেটেছে। কিন্তু এখন দীর্ঘদিন কোনও অপরাধ করেনি। ভাল হতে চাইছে। কিন্তু হতে দেওয়া হচ্ছে না।প্রতাপের মায়ের আরও দাবি, বৃহস্পতিবার বোনের সঙ্গে ফোনে কথা বলছিল সে। সেই সময় পুলিশও এলাকায় ছিল। তাঁর কথায়, প্রতাপ আদালতে আত্মসমর্পণ করতে চেয়েছিল। শুক্রবার সম্ভবত আদালতেই যাচ্ছিল সে। সেই সময় পুলিশ তাকে ধরে। এখন ছেলের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল প্রতাপ। কিশোর বয়সেই পেট্রল পাম্পে ডাকাতির ঘটনায় তার নাম জড়ায়। মদের দোকানে লুটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারের পর তাকে জুভেনাইল আদালতে পেশ করা হয়েছিল। পরে হোম থেকে ছাড়া পেলেও অপরাধের অভিযোগ থেকে তার নাম আর সেভাবে সরেনি।পুলিশের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে প্রতাপের অপরাধের পরিধি বাড়তে থাকে। আসানসোল ও দুর্গাপুরের গণ্ডি ছাড়িয়ে বাঁকুড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ ওঠে। ঝাড়খণ্ডের একাধিক জায়গাতেও অপরাধের সঙ্গে তার যোগ থাকার অভিযোগ রয়েছে।উল্লেখ্য, শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। দীর্ঘ তল্লাশির পর একটি ডেরা থেকে প্রতাপের খোঁজ পান তদন্তকারীরা। পুলিশের অভিযোগ, ফের পালানোর চেষ্টা করে সে। সেই সময় আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। পাল্টা পুলিশের গুলিতে জখম হয় প্রতাপ।এর পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন সে। তবে প্রতাপের মুখে মুসাফিরের নাম এবং তার মায়ের দাবি ঘিরে এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশি তদন্তে এই অভিযোগের সত্যতা কতটা, এখন সেদিকেই নজর।

